বাগেরহাটে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দেওয়া হয়। এর জেরে ছাত্রীর মা ও বোনকে মারধর করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মা (৪০) ও মেয়েকে (১৪) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে কলেজছাত্রীর মা প্রথম আলোকে বলেন, ‘আমার বড় মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। বেশ কিছুদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে প্রতিবেশী এক যুবক তাকে উত্ত্যক্ত করে আসছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও সে একই কাজ করে যাচ্ছিল। সম্প্রতি আমরা থানায় গিয়ে ওই উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ দিই। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে সে আমার মেয়েকে আর উত্ত্যক্ত করবে না বলে প্রতিশ্রুতি দিলে আমি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিই। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।’
কলেজছাত্রীর মামা বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার জেরে প্রতিবেশী ওই যুবক কয়েকজন সহযোগী নিয়ে গত সোমবার সন্ধ্যায় আমার বোন ও ছোট ভাগনিকে মারধর করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বাগেরহাটের সিভিল সার্জন অরুণ কুমার মণ্ডল বলেন, আঘাতজনিত কারণে মা-মেয়ের মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, পুলিশ এ ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের অভিযান চলছে।