বাগেরহাটে ঘের ব্যবসায়ী খুন
বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লিতে সত্যেন মল্লিক (৫২) নামের এক চিংড়িঘের ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে নিহত সত্যেন মল্লিকের নিজস্ব চিংড়িঘেরে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় মামলা হয়নি। নিহত সত্যেন মল্লিক বাঁশবাড়ি গ্রামের মৃত অনন্ত মল্লিকের ছেলে।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে চিতলমারী থানার পুলিশ সূত্র জানায়, বাড়ি থেকে কিছু দূরে নিজস্ব জমিতে তাঁর একটি মাছের ঘের আছে। প্রতিদিন রাতে তিনি ঘের পাহারা দিতে সেখানে অবস্থান করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি বাড়ি থেকে খাবার খেয়ে ঘের পাহারা দিতে যান। সকালে স্থানীয় লোকজন ঘেরের ভেতরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সত্যেনের গলা ও পেটে ধারালো অস্ত্রের বড় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, হামলাকারীদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং হত্যাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। সন্ত্রাসীরা তাঁকে হত্যার পর ঘেরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চরভদ্রাসনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের চরভদ্রাসন সেতুর পাশের খাদ থেকে গতকাল বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত জানান, এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।