বাগেরহাটে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর আটজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওই ১২ জনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগের সাতটি অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার করা চারজন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের খান আকরাম হোসেন (৬০), চাপড়ি গ্রামের শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৮২), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং উদনখালি গ্রামের মো. মকবুল মোল্লা (৭৯)।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পুলিশ জেলা শহরের পুরাতন বাজার এলাকা থেকে খান আকরাম হোসেন এবং কচুয়া উপজেলার যশোরদি গ্রাম থেকে ইদ্রিস আলী মোল্লা ও উদনখালি গ্রাম থেকে মো. মকবুল মোল্লাকে গ্রেপ্তার করে। শেখ মোহাম্মদ উকিল উদ্দিনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় খুলনার লবণচরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্প্রতি বাগেরহাটের ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ জমা দেওয়া হয়।