বাগেরহাটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
বাগেরহাট সদর উপজেলার গোটাপড়া ইউনিয়নের দেপাড়া আলিয়া মাদ্রাসায় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক হাওলাদার সোহেল রানা ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ওরফে সোহাগের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন হাওলাদার সোহেল রানা, আসলাম হাওলাদার, এমাদুল পাইক ও আল আমিন শেখ। তাঁদের সবার বাড়ি দেপাড়া গ্রামে। তাঁদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম অভিযোগ করেন, এক বছর ধরে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। গত শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা মহসিন নামের তাঁর এক সমর্থককে মারধর করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করতে গতকাল শনিবার আলোচনার উদ্যোগ নেন।
এদিকে সোহেল রানা গতকাল সকালে রবিউল ইসলামের মামা আল আমিনকে দেপাড়া আলিয়া মাদ্রাসায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ খবর পেয়ে রবিউল ও তাঁর সমর্থকেরা আল আমিনকে উদ্ধার করতে যান। এ সময় সোহেলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। রবিউলের সমর্থকেরা হামলা প্রতিহত করলে সোহেল ও তাঁর ছোট ভাই আহত হন। পরে সোহেলের সমর্থকেরা চড়াও হয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে রবিউলের বাড়িতে হামলা চালান।
অভিযোগ অস্বীকার করে হাওলাদার সোহেল রানা বলেন, তিনি সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসা ঘাটে গিয়েছিলেন। এ সময় রবিউল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তাঁকে রক্ষা করতে তাঁর ছোট ভাই এলে তাঁকেও জখম করা হয়।
বাগেরহাট জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন বলেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বছর আগেই বিরোধে জড়িয়ে পড়েন।
গত বছর রবিউল ইসলামের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর জখম করেন সোহেল রানা। সেই বিরোধের জের ধরে এই হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে যাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ প্রমাণিত হবে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের আহ্বায়ক পক্ষের তিন সমর্থককে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।