বাগেরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের
বাগেরহাটে প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার রাতে এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
গতকাল বুধবার বাগেরহাট সদর হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। বুধবার বিকেল পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এজাহার নামীয় চার আসামি হলেন খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের জাকির হাওলাদার (৩২) এবং কে সি চালতেবুনিয়া গ্রামের মহিউদ্দিন হাওলাদার (৩০), সাদ্দাম হাওলাদার (২৮) ও মিজানুর রহমান হাওলাদার (৩০)।
নির্যাতনের শিকার নারীর বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তারক বিশ্বাস বলেন, প্রায় তিন মাস আগে মোরেলগঞ্জ উপজেলার ওই নারীর সঙ্গে নিশানবাড়িয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের (৩২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকেলে জাকির মুঠোফোনে তাঁর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই নারীকে পাশের পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ওই নারী তাঁর এক কিশোরী আত্মীয়কে সঙ্গে নিয়ে মঠবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে দেখা করতে বের হন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, জাকির একটি ব্যাটারিচালিত ভ্যানে করে ওই দুই নারীকে প্রথমে সন্ন্যাসী বাজার লঞ্চঘাটে নিয়ে আসেন। লঞ্চ ছেড়ে গেছে বলে সেখান থেকে তাদের নিয়ে জাকির বিভিন্ন এলাকা ঘুরে রাত নয়টার দিকে তাঁদের উপজেলার কেসি চালতেবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের পরিত্যক্ত ঘরে নিয়ে আসেন। এ সময় জাকিরের অপর চার সহযোগী সেখানে আসেন। তাঁরা সবাই মিলে ওই দুই নারীকে পাশের একটি বাগানে নিয়ে যান এবং ওই তরুণীকে ধর্ষণ করেন।
এজাহারে বলা হয়, ওই নারীর সঙ্গে থাকা কিশোরী দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। স্থানীয় লোকজন ছুটে এলে জাকির ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।