বাগেরহাটে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে রাজু শেখ নামে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জাকারিয়া হোসেন গতকাল সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাজু বাগেরহাট শহরের হরিণখানা এলাকার জামাল উদ্দিন শেখের ছেলে। সে স্থানীয় বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ২০০৫ সালে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের সরুই কলেজ রোড সড়কের সুমন হাওলাদার (২৯), নাগেরবাজার এলাকার রহমানীয়া স্কুল সড়কের শামীম চৌধুরী (২৯) ও খারদ্বার এলাকার জামাল শেখ (৩০)। রায় ঘোষণার সময় সুমন ও রিপন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু জামাল মামলার শুনানি চলাকালে জামিন পেয়ে আত্মগোপন করেন।

আদালত ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ জুন বিকেলে রাজু সরকারি স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হরিণখানা এলাকায় রাজুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা হয়।