বাগেরহাটে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার পুরাতন সুপারিপট্টির গলি থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ মামুন পালোয়ান এবং বাসাবাটি বেনেপাড়া থেকে তপন কুমার শীল নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে। ওই দুজনের পরিবারের দাবি তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, মামুন পালোয়ান (৩২) শহরের পরিত্যক্ত রেলস্টেশন এলাকার ধলু পালোয়ানের ছেলে। তিনি বাগেরহাট বাজারের মাছবিক্রেতা ছিলেন। তপন কুমার শীল (৩৮) পিরোজপুর জেলার জুজখোলা গ্রামের বিমল কুমার শীলের ছেলে। তিনি শহরের বেনেপাড়া এলাকার রণজিৎ শীলের জামাতা। শ্বশুরবাড়িতে থেকে তিনি বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় একটি সেলুন চালাতেন। দুটি ঘটনায় পুলিশ বাগেরহাট মডেল থানায় দুটি অপমৃত্যু মামলা করেছে।

পুলিশ, এলাকাবাসী ও ওই দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট বাজারের ফারুক নামে এক মাছবিক্রেতার কাছে কুড়ি টাকা দাবি করেন মামুন। টাকা না দেওয়ায় মামুন সহযোগীদের নিয়ে ফারুককে মারধর করেন। রাত পৌনে আটটার দিকে বাজার এলাকার পুরাতন সুপারিপট্টি গলির একটি ঘরের জানালার সঙ্গে পরনের জ্যাকেটের দড়ি দিয়ে ঝোলানো অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। মামুনের বাবা ধলু পালোয়ান অভিযোগ করেন, তাঁর ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

এদিকে তপন শীলের লাশ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে। তপনের স্ত্রী আঁখি শীল অভিযোগ করেন, শহরে তাঁর (আঁখির) পৈতৃক জমি নিয়ে ছোট বোনের স্বামী হৃদয়ের সঙ্গে বিরোধের জের ধরে হৃদয় ও তাঁর সহযোগীরা তপনকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজাতে আহত অবস্থায় তপনের মুখে বিষাক্ত দ্রব্য ঢেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আঁখি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের কারণে এর আগেও তপনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনায় আদালতে তাঁর স্বামীর সঙ্গে হৃদয়ের মামলা চলছিল। ওই মামলায় হৃদয় কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি।

বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ‘দুটি ঘটনাই স্পর্শকাতর। সন্দেহের অবকাশ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পেয়ে কোনো মন্তব্য করা যাবে না। আমরা সবকিছু খতিয়ে দেখব। হৃদয় খুলনায় থাকেন। তাঁর শ্যালক বাসুদেব সরকারকে গতকাল শুক্রবার আটক করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হৃদয়ের জড়িত থাকার প্রমাণ পেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’