বাগেরহাটে পণ্যবাহী ট্রাকে আগুন

বাগেরহাটে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে ফকিরহাট উপজেলার খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজীর তথ্যমতে, রাত একটার দিকে মংলা থেকে সিমেন্ট ভর্তি করে খুলনায় যাওয়ার পথে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় চালক হাবিবুর রহমান পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা ট্রাকের ইঞ্জিন কাভারে ও টায়ারে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।
পরে ট্রাকটির চালক হাবিবুর রহমান ঘটনার একই বর্ণনা দেন। ট্রাকের মালিক জাকির হোসেন বলেন, ‘২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের কারণে সাত-আট দিন ধরে ট্রাকটি বন্ধ ছিল। আমার আয়ের একমাত্র উৎস ট্রাকটি পুড়িয়ে দেওয়ায় নিঃস্ব হয়ে গেছি।’ সরকারের কাছে তিনি ক্ষতিপূরণ দাবি করেন।