বাগেরহাটে পরাজিত বিদ্রোহী প্রার্থী গ্রেপ্তার
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ও পৌরসভায় দলের বিদ্রোহী মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসান ওরফে শিপনকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের নির্বাচিত মেয়র খান হাবিবুর রহমানের বাড়ি ও আওয়ামী লীগের কর্মীদের ওপর বোমা হামলা চালানোর অভিযোগে বাগেরহাট মডেল থানার পুলিশ হাসিবুলকে গ্রেপ্তার করে। বুধবার অনুষ্ঠিত বাগেরহাট পৌরসভা নির্বাচনে হাবিবুর রহমান ১৪৪ ভোটের ব্যবধানে হাসিবুলকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
শহরের নাগের বাজার এলাকার কয়েকজন প্রথম আলোকে বলেন, বুধবার নির্বাচনের পর শহরে উত্তেজনার আশঙ্কায় সন্ধ্যার পর থেকেই রাস্তা ফাঁকা হয়ে যায়। রাত সোয়া নয়টার দিকে তাঁরা বিকট তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কারা কোথায় ওই বিস্ফোরণ ঘটিয়েছে তা তাঁরা খোঁজ নিয়ে দেখেননি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিজয়ী মেয়র প্রার্থীর বাড়িতে হামলার সংবাদ ছড়িয়ে পড়লে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিল থেকে বাসাবাটি ও নাগের বাজার এলাকায় অবস্থিত হাসিবুল হাসান ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেনসহ হাসিবুলের কয়েকজন সমর্থকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীদের ছোড়া ইটের আঘাতে খান মুজিবর রহমান ও তাঁর ভাই খান মনির হোসেনের বাড়ির দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলায় মাসুম হাওলাদার নামে হাসিবুলের এক সমর্থকের ঘরের বেড়া ভেঙে গেছে। এসব বিষয়ে জানতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গতকাল সকালে বিজয়ী মেয়র খান হাবিবুর রহমানের পক্ষ থেকে শহরে মাইকিং করে সবাইকে শান্ত থাকতে ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা না করতে অনুরোধ করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাগেরহাটের মেয়র খান হাবিবুর রহমানের শ্যালক ইদ্রিস আলী বুধবার রাতে বাগেরহাট থানায় হাসিবুল হাসানসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, গতকাল দুপুরে হাসিবুল হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।