বাগেরহাটে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গত বুধবার পাঁচটি হরিণ ও একটি গন্ধগোকুলের চামড়াসহ মো. আবদুর রশিদ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রাম থেকে চামড়াগুলো উদ্ধার করে। রাতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
হরিণের চামড়াগুলো দৈর্ঘ্যে তিন থেকে চার ফুট। গন্ধগোকুলের চামড়াটি তিন ফুট দীর্ঘ। আবদুর রশিদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার পটুয়াটিখালী ইউনিয়নের পুঁটিখালী গ্রামে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহিদুর রহমান জানান, একটি পাচারকারী চক্র সুন্দরবন থেকে শিকার করা হরিণ ও গন্ধগোকুলের চামড়া বিক্রি করতে নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগ ও জেলা পুলিশের একটি দল কচুবুনিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে আবদুর রশিদ নামের ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি হরিণ ও একটি গন্ধগোকুলের চামড়া উদ্ধার করা হয়। রশিদ ঢাকার একটি চক্রের কাছে চামড়াগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক অসীম মল্লিক বলেন, বাগেরহাটের একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিরল প্রজাতির হরিণ ও বাঘ হত্যা করে এর চামড়া বিক্রি করে আসছে। চক্রটিকে ধরতে বন বিভাগ নজরদারি করে আসছিল।
অসীম মল্লিক আরও বলেন, ওই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হওয়া চামড়ার মধ্যে হরিণগুলো অন্তত এক মাস আগে এবং বিরল গন্ধগোকুলটি এক সপ্তাহ আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।