বাগেরহাটে বন্য প্রাণীর চামড়াসহ পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার হওয়া চামড়াসহ গ্রেপ্তার মো. আবদুর রশিদ শেখ। ছবি: প্রথম আলো
উদ্ধার হওয়া চামড়াসহ গ্রেপ্তার মো. আবদুর রশিদ শেখ। ছবি: প্রথম আলো

বাগেরহাটে পাঁচটি হরিণ ও একটি গন্ধগোকুলের (লারজ ইন্ডিয়ান সিভিট)চামড়াসহ মো. আবদুর রশিদ শেখ (৫০) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, হরিণের চামড়াগুলো লম্বায় তিন থেকে চার ফুট এবং গন্ধগোকুলের চামড়া তিন ফুট লম্বা। গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী ইউনিয়নের পুঁটিখালী গ্রামের আনোয়ার শেখের ছেলে।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহিদুর রহমান জানান, পাচারকারী একটি চক্র সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা হরিণ ও গন্ধগোকুলের চামড়া বিক্রি করতে নিয়ে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও জেলা পুলিশের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুর রশিদ নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে পাঁচটি বিরল প্রজাতির হরিণ এবং একটি গন্ধগোকুলের চামড়া উদ্ধার করা হয়। আবদুর রশিদ ঢাকার একটি চক্রের কাছে চামড়াগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক অসীম মল্লিক জানান, বাগেরহাটের একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিরল প্রজাতির হরিণ ও বাঘ হত্যা করে দেশের ভেতরেই তার চামড়া বিক্রি করছে। এই চক্রটিকে ধরতে বন বিভাগ চেষ্টা করে যাচ্ছিল। এই পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে। তিনি আরও জানান, ওই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হওয়া চামড়ার মধ্যে হরিণগুলো অন্তত এক মাস আগে এবং গন্ধগোকুলটি এক সপ্তাহ আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।