বাগেরহাটে বিএনপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সহসভাপতি সিকদার আজাহার আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, চলতি বছরের ৬ মে দায়ের করা একটি মামলায় উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আজাহারকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ২০০১ সালের নির্বাচনের পর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন আজাহার। তিনি ও তাঁর দলের সদস্যদের মহড়ায় ভীত হয়ে উপজেলার সম্মানকাঠি গ্রামের সুলতান আলী খান অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে খান এমডি শহীদুল ইসলাম গত ৬ মে আজাহারসহ বিএনপির ১৯ নেতা-কর্মীর নামে একটি মামলা করেন।
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই আজাহারের বিরুদ্ধে প্রায় এক যুগ পর একটি মিথ্যা মামলা করা হয়েছে।