বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা
বাগেরহাটের ফকিরহাটে আজ রোববার হাফিজুল সরদার (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হয়েছেন বাবা ও ছেলে। হামলাকারীরা তিনটি বাড়িও ভাঙচুর করেছে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের খান খলিলুর রহমান (৫৭) ও তাঁর ছেলে ইমরান খান (১৭)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান সাংবাদিকদের বলেন, নলধা গ্রামের হাফিজুল সরদার ও ইমরান খান ফকিরহাটের ব্রহ্মডাঙ্গা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিপক্ষ ৩০–৩৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে হামলাকারীরা আড়ুয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান, আবুল হোসেন ও জালাল উদ্দিনের বাড়িতে ভাঙচুর করে এবং খলিলকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে হাফিজুল, ইমরান ও তাঁর বাবা খলিলুর রহমান গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। ইমরান ও তাঁর বাবা খলিলকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহত হাফিজুল ও আহত ব্যক্তিদের সঙ্গে হামলাকারীদের স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত হাফিজুলের লাশ উদ্ধার করা হয়েছে।