বাগেরহাটে যুবলীগ নেতা খুন, আটক ১
বাগেরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগের নেতা সোহাগ শেখ (২৫) খুন হয়েছেন।
গত বুধবার রাতে শহরের বাসাবাটি এলাকা থেকে তাঁকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সোহাগ সম্প্রতি গঠিত বাগেরহাট পৌর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত সোহাগ শহরের বাসাবাটি এলাকার মাছ বিক্রেতা আবদুল হাকিম শেখের ছেলে। বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শামিম হোসেন নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে শহরের হাড়িখালী এলাকা থেকে দুলাল আকন (৩২) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তিনি ওই এলাকার শাজাহান আকনের ছেলে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোহাগের লাশ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকেলে শহরের সরুই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় অনেকে জানান, বুধবার রাত সোয়া আটটার দিকে চার-পাঁচজন যুবক সোহাগকে বাগেরহাট বাস টার্মিনাল এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেন। তাঁরা সোহাগকে চলন্ত ইজিবাইকে বসেই মারধর করেন। কিছু সময়ের মধ্যেই যুবকেরা ইজিবাইক নিয়ে বাসাবাটি মন্দিরের সামনে আসেন এবং সোহাগের পেটে ছুরিকাঘাত করে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। আঘাতে সোহাগের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে সোহাগ মারা যান।
সোহাগের বড় ভাই ফারুক শেখ বলেন, তিনি শহরের দড়াটানা সেতুর টোল প্লাজায় কাজ করেন। রাত আটটার কিছু পরে তাঁর কাছে খবর আসে, তাঁর ভাই সোহাগকে কে বা কারা বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করেছে। কিছু সময় পরে জানতে পারেন, ছুরিকাহত অবস্থায় তাঁর ভাই বাসাবাটি মন্দিরের সামনে পড়ে আছেন। তখন তিনি সেখানে ছুটে যান।
পুলিশ ও এলাকার বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতাসীন দলের কতিপয় নেতার ছত্রচ্ছায়ায় থাকা শহরের বাসাবাটি ও নাগেরবাজার এলাকার একটি চক্রের সঙ্গে সক্রিয় ছিলেন নিহত সোহাগ শেখ। এই চক্রের কথিত দুই নিয়ন্ত্রকের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে তিনি নিহত হতে পারেন।
বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, ‘পুলিশ সোহাগের সম্ভাব্য অপহরণকারী ও হত্যাকারীদের কয়েকজনের পরিচয় জানতে পেরেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার নেপথ্যে তিনটি কারণ থাকতে পারে: সংগঠনের দুই পক্ষের সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দল, ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে চাঁদা আদায় ও একটি মুঠোফোন নিয়ে আরেক যুবকের সঙ্গে বিরোধ। আমরা এগুলো খতিয়ে দেখছি।’