বাগেরহাটে রাস্তার পাশে আ.লীগ নেতার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী-পাটগাতি সড়কে চর চিংগুড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে গতকাল শনিবার সকালে শেখ আবুল কাশেম মাখন (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা না হত্যা, তা নিশ্চিত করতে পারেনি। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, তাঁকে হত্যার পর রাস্তার পাশে লাশ ফেলে গেছে হত্যাকারীরা।
নিহত আবুল কাশেম (৫০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে গ্রামে ও সন্ধ্যায় বাগেরহাট শহরে দুই দফা জানাজা শেষে বাগেরহাট সরকারি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
নিহত আবুল কাশেমের ছোট ভাই জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আবুল হাসেম হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের প্রতি তাঁর ভাইয়ের খোয়া যাওয়া মুঠোফোনের সিমকার্ডের কল লিস্ট খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকরামুল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় চিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা শেখ আবুল কাশেমের লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তির মাথার পেছনে, বাঁ চোখের ওপর ও নিচে, বাঁ চোয়াল, বাঁ কানের পাশে এবং দুই হাতের কনুইতে আঘাতের রক্তাক্ত চিহ্ন ছিল। এ ছাড়া বুকের ওপরের অংশে এবং পিঠের দুপাশে আঘাতের চিহ্নও ছিল। তিনি জানান, নিহত ব্যক্তির পকেটে অপর এক ব্যাক্তির জাতীয় পরিচয়পত্র, ছবি এবং বড় ধরনের আর্থিক লেনদেনবিষয়ক একটি চিরকুট পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আবুল কাশেমের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শেখ আবুল হাসেম বলেন, ‘পরিবারের সদস্যদের মধ্যে আমার মেজো ভাই আবুল কাশেম অবিবাহিত ছিলেন। তিনি একাই গ্রামে থাকতেন। শুনেছি চার দিন আগে তিনি কোনো বিশেষ কাজে ঢাকায় গিয়েছিলেন। শনিবার (গতকাল) সকালে চিতলমারী থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমার বড় ভাইয়ের ছেলে আবির চিতলমারী থানায় গিয়ে আমার ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেছে। আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ঘটনাটি সড়ক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।