বাগেরহাটে লেক থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলায় একটি লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের বাবুলের শ্মশানঘাট এলাকার পাশের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, বিকেলে লেকের পানিতে রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিলু শেখ একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মাহবুবুর বলেন, লাশটিতে পচন ধরে ফুলে উঠেছে। এটি কার লাশ, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অন্তত তিন-চার দিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে এখানে তাঁর মরদেহটি ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

মাহবুবুর আরও বলেন, এই ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।