বাগেরহাটে শিশু খুন বাবার বিরুদ্ধে অভিযোগ
বাগেরহাটের চিতলমারীর পল্লিতে ওসমান শেখ নামে আড়াই মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির বাবা ফায়জুল শেখ তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা চরপাড়া গ্রামে ফায়জুলের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফায়জুল শেখকে (২৮) ইউনিয়ন পরিষদের চৌকিদারের সহযোগিতায় গ্রেপ্তার করেছে। ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে। ফায়জুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর সন্তানকে গলা টিপে হত্যা করার কথা স্বীকার করেছেন। পুলিশ ওসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, তিন বছর আগে ভ্যানচালক ফায়জুলের সঙ্গে একই উপজেলার হান্নান শেখের মেয়ে লেবী বেগমের বিয়ে হয়। সম্প্রতি ফায়জুল আবার বিয়ে করার পরিকল্পনা করলে এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ হয়। ফায়জুলের স্ত্রী লেবী সন্তানসম্ভবা হলে তিন মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। আড়াই মাস আগে লেবী একটি ছেলেসন্তানের জন্ম দেন।
৩ নভেম্বর ফায়জুল সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে যান। গতকাল সকালে ফায়জুলের শাশুড়ি ও স্ত্রী শিশু ওসমানকে ঘুম পাড়িয়ে রেখে ঘরের বাইরে সংসারের কাজে গেলে ফায়জুল তাঁর সন্তানকে গলা টিপে হত্যা করেন। এর কিছুক্ষণ পর তিনি পার্শ্ববর্তী নালুয়া বাজারে চা পান করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। ফায়জুল চলে যাওয়ার পর লেবী ঘরে ঢুকে সন্তানকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন।
পরে প্রতিবেশীরা ইউনিয়ন পরিষদের চৌকিদারকে নিয়ে নালুয়া বাজারে গিয়ে ফায়জুলকে ধরে পুলিশে খবর দেন। ফায়জুল আবার বিয়ে করতে এই সন্তানকে বাধা বলে মনে করছিলেন। তাই তিনি ঠান্ডা মাথায় নিজ সন্তানকে গলা টিপে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।