বাগেরহাটে সংঘর্ষে নিহত ১
বাগেরহাটে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের বাজারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান ও একই ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রত্যাশী নূরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীরসহ দুই পক্ষের অন্তত পনেরো জন আহত হন। জাহাঙ্গীরসহ গুরুতর আহত ১২ জনকে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর শেখ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। গতকাল বিকেলে জাহাঙ্গীরকে বাগেরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত জাহাঙ্গীর ইউপি সদস্য আতিয়ার শেখের সমর্থক।
ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে একটি বন্দুকসহ ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবজাল হোসেনকে গ্রেপ্তার করে। এলাকাবাসী ও পুলিশের অভিযোগ, সংঘর্ষের সময় আবজাল তাঁর লাইসেন্স করা বন্দুক থেকে অন্তত তিনটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে গতকালের সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ আমার জানা নেই। ‘
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জাহাঙ্গীর শেখ শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বৈধ আগ্নেয়াস্ত্রসহ আবজাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা এবং সংঘর্ষকে আরও সহিংস করার চেষ্টার অভিযোগ রয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।’