বাগেরহাটে সন্দেহভাজন চার 'জঙ্গি' গ্রেপ্তার
বাগেরহাটে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের দড়াটানা সেতুর পাশে খ্রিষ্টানপল্লি-সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন সদস্য।
গ্রেপ্তার চারজন হলেন সাতক্ষীরা জেলা সদরের গড়েরকান্দা গ্রামের মো. মাকসুদুর রহমান ওরফে তোতা, একই জেলা শহরের ইটাগাছা গ্রামের সাইফুল ইসলাম, কদমতলা বাজার এলাকার মোরশেদ আলম ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার জহিরুল ইসলাম।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা বাগেরহাটে নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে গোপনে মিলিত হয়েছিলেন। পুলিশের অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও তিন-চারজন সদস্য পালিয়ে যান। তাঁদের পরিচয়সহ বিভিন্ন তথ্য জানতে গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, বুধবার রাতে জেএমবি সদস্যদের বৈঠকের খবর পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। পুলিশ ওই চায়ের দোকান ঘিরে ফেললে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য আইন, আইসিটি আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বাগেরহাট সদর থানায় চারটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি গুলিসহ একটি শুটারগান, দুটি হাতবোমা, একটি ল্যাপটপ, দুটি ধারালো অস্ত্র, দুটি মুঠোফোন ও বোমা তৈরির সরঞ্জাম।