বাগেরহাটে সাংবাদিককে মারধর
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বাগেরহাট প্রতিনিধিকে স্টুডিওর এক মালিক ও তাঁর সহযোগীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই সাংবাদিকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট ও লাঠি দিয়ে আঘাত করা হয়।
আহত সাংবাদিকের নাম তরফদার রবিউল ইসলাম। বাগেরহাট শহরের দশানী এলজিইডি মোড়ের খুকুমণি স্টুডিওর সামনে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত রবিউল বলেন, গত মঙ্গলবার তাঁর দুই ভাগনি খুকুমণি স্টুডিওতে একটি হ্যান্ডিক্যাম ক্যামেরা নিয়ে ছবি প্রিন্ট করতে যান। এ সময় দোকানের মালিক নাজিমুদ্দিন তাঁদের ক্যামেরা রেখে পরে এসে ছবি নিয়ে যেতে বলেন। পরদিন তাঁর ভাগনিরা ক্যামেরা ও ছবি আনতে স্টুডিওতে গেলে দোকানের মালিক ক্যামেরা রাখার কথা অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় রবিউল ক্যামেরা চাইতে ওই স্টুডিওতে যান।
নাজিমুদ্দিন এবারও ক্যামেরা ফেরত দিতে অস্বীকার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। তখন নাজিমুদ্দিন আশপাশের কিছু যুবককে ডেকে রবিউলকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাঁকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল করিম বলেন, হাসপাতালে ভর্তি রবিউলের মুখমণ্ডল, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে গতকাল দুপুরে ওই স্টুডিওতে গিয়ে নাজিমুদ্দিনকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে সাংবাদিক রবিউল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাগেরহাটের সাংবাদিকেরা। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। বাগেরহাট প্রেসক্লাব এ বিষয়ে গতকাল এক জরুরি সভা করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় গতকাল দুপুরে আহত সাংবাদিককে সদর হাসপাতালে যান।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, রবিউল ইসলামের ওপর হামলাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে। অবিলম্বে তাঁদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।