বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২০
বাগেরহাটে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিনজন ও নিয়মিত মামলার পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বাগেরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত তিনজন হলেন বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার ইউসুফ শেখ, সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার হালিম হাওলাদার এবং একই উপজেলার গোবরদিয়া গ্রামের সাগর হাওলাদার।
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার দায়ে ইউসুফকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। হালিম ও সাগরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত এক বছরের কারাদণ্ড দেন। তিনজনই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাতজন হলেন দীপংকর সাহা, রেজাউল করিম, হাফিজুর রহমান, রূপ কুমার সাহা, সেলিম শেখ, জালাল শেখ ও তাপস রায়। তাঁরা বাগেরহাট শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শহরের রেলরোডের একটি বাড়িতে জুয়া খেলছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পৃথক দুটি দল এই অভিযান চালায়। সাজাপ্রাপ্ত তিনজন, নিয়মিত মামলার পলাতক আসামি ১০ জন এবং সাত জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’