বাগেরহাটে সাতজন গুলিবিদ্ধ সভাপতিসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাখালী বাজারে এ ঘটনা ঘটে।
সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি তাঁর দোনলা বন্দুক থেকে গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সভাপতি সিকদার মাহাবুবুর রহমান ও তাঁর ছোট ভাই সিকদার মিজানুর রহমানকে পুলিশ আটক করেছে। এ ছাড়া একটি বৈধ দোনলা বন্দুক, ৩১টি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। গতকাল বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
গুলিবিদ্ধ দুই ভাই আবু হোসেন সিকদার (৩৩) ও আবু হানিফ সিকদারের (৩৮) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাবা সিকদার খলিলুর রহমান স্থানীয় পুটিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মাহাবুবুর রহমানের চাচাতো ভাই। মাহাবুবুর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন মোল্লা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আবু হোসেন ও আবু হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মাথা, হাত, পা ও বুকে গুলি লেগেছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া গুলিবিদ্ধ সোবহান সিকদার (৪৫) ও ছাত্তার সিকদার (৬০) নামের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ সিব্বির সিকদার (৩০), তোফাজ্জেল শেখ (৪০) ও কবির (৩৫) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে মাহাবুবুর রহমান ও খলিলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাহাবুবুর এবারও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচনে অংশ নেন। তাঁর চাচাতো ভাই খলিলুর তাঁর প্রতিপক্ষ প্যানেলকে গোপনে সহযোগিতা করছিলেন বলে মাহাবুবুরের ধারণা। এ পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে সোনাখালী বাজারে মাহাবুবুরের প্রতিপক্ষের একদল লোক জড়ো হন। একপর্যায়ে মাহাবুবুর তাঁর ছোট ভাইসহ সাত-আটজন সেখানে যান। মাহাবুবুর অতর্কিতে দোনলা বন্দুক থেকে গুলি ছোড়েন। এতে ওই সাতজন গুলিবিদ্ধ হন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মাহাবুবুর ও তাঁর ভাই মিজানকে আটক করে থানায় নিয়ে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ওই নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল হান্নান বলেন, বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে সোনাখালী বাজারে এ সহিংস ঘটনা ঘটে। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।