বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে মো. হাবী সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাবী সরদারের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গোলা বেলাই গ্রামে।
বাগেরহাট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০০০ সালের বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে পাশের রামপাল উপজেলার গোনা বেলাই গ্রামের জহির সরদারের ছেলে হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাঁদের ঝগড়া বিবাদ লেগে থাকত। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে হাবী সরদার তাঁর স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। ওই দিন পুলিশ তাঁকে খুলনা থেকে আটক করে।
এ ঘটনায় নিহত হাসিনার বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবী সরদারকে আসামি করে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল ওই বছরের ৩১ ডিসেম্বর হাবী সরদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নিহত হাসিনা বেগম মংলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সুপারি কারখানার শ্রমিক ছিলেন।