বাগেরহাটে সৎ ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলায় সৎ ছেলের কাঠের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সৎ ছেলে ফারুককে আটক করেছে।
নিহত নারীর নাম হাসিনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মকসুদ শেখের স্ত্রী।
হাসিনা বেগমের দুই মেয়ে কাজল (২৪) ও পায়রা (২১) গতকাল সন্ধ্যায় জানান, তাঁদের বাবার প্রথম পক্ষের স্ত্রীর পরিবার ও তাঁদের মা পাশাপাশি দুটি পৃথক বাড়িতে বসবাস করতেন। তাঁরা দুই বোনও একই গ্রামে তাঁদের শ্বশুরবাড়িতে থাকেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে তাঁরা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে হাসিনা বেগমকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাজল ও পায়রা বলেন, এলাকাবাসীর কাছে তাঁরা শুনেছেন, তাঁদের বাবার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে ফারুক শেখ (২০) তাঁদের মায়ের মাথায় কাঠ দিয়ে আঘাত করে হত্যা করেছে। তবে ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ তাঁরা জানাতে পারেননি। তাঁদের দাবি, ফারুক মাদকাসক্ত। বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, সন্ধ্যায় ফারুক শেখকে আটক করা হয়েছে।