বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল ফরাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ফরহাদ মুন্সি নামে (৩৭) এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বেলাল বনদস্যু বেলাল বাহিনীর প্রধান ও আহত ফরহাদ তাঁর সহযোগী।

পুলিশের দেওয়া তথ্যমতে, নিহত বেলালের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামে। ফরহাদের বাড়ি একই উপজেলার বারুইখালী গ্রামে। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি একনলা, একটি দোনলা বন্দুক ও ৫০০টি বিভিন্ন ধরনের গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের ভাষ্য, বনদস্যু বাহিনী ও তাঁর সহযোগীরা পরিত্যক্ত বাগানে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথদল সেখানে অভিযানে যায়। এ সময় টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। যৌথবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০-২৫ মিনিট গুলিবিনিময় চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। যৌথবাহিনী সেখানে তল্লাশি চালিয়ে বেলাল ও ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। শরণখোলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন। ফরহাদের ডান হাঁটুর নিচে গুলি লেগেছে।

বেলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।