বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেল্লাল ফরাজী নামের এক ব্যক্তি নিহত ও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ব্যক্তি বনদস্যু বেল্লাল বাহিনীর প্রধান ও আহত ব্যক্তি তার সহযোগী বলে দাবি করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার শরণখোলা বাজারের একটি পরিত্যক্ত বাগানে ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটে। বেল্লাল ফরাজী (৩৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের খোকন ফরাজীর ছেলে ও গুলিবিদ্ধ ফরহাদ মুন্সি (৩৭) বারুইখালী গ্রামের মকবুল মুন্সির ছেলে।
শরণখোলা থানার ওসি মো. রেজাউল করিমের ভাষ্যমতে, ‘সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান বেল্লাল ফরাজী ও তার সহযোগীরা পানিরঘাট এলাকার হাবিব হাওলাদারের পরিত্যক্ত বাগানে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে র্যাব, কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০-২৫ মিনিট গুলিবিনিময় চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে বেল্লাল ও তার সহযোগী ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন। ফরহাদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ৫০০টি গুলি উদ্ধার করা হয়। বেল্লালের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ওসি বলেন, বেল্লালের বিরুদ্ধে শরণখোলা ও মোরেলগঞ্জ থানায় ১০টির বেশি মামলা রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ জানান, তাঁদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হওয়ায় দুই দিন আগে পানিরঘাট গ্রামের কাছাকাছি সুন্দরবনের মধ্যে ট্রলারটি মেরামতের জন্য নিয়ে যান। দিনে ট্রলার মেরামতের কাজ করে রাতে তারা ওই বাগানের পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করত। বন্দুকযুদ্ধের সময় সেখানে বেল্লালসহ পাঁচজন ছিলেন।