বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত কামরুল সুন্দরবনের বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান। 

ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, রাজু-ফরহাদ বাহিনীর একটি দল আজ রাতে সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল রামপালের কাটাখালী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থান নেয়। রাত আটটার দিকে আট-দশজনের একটি দলকে সন্দেহ হলে র‍্যাবের দলটি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসী নিহত ব্যক্তিকে রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখ বলে চিহ্নিত করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও একটি এয়ারগানসহ ৬০ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, নিহত কামরুলের বাড়ি মংলা উপজেলার মিঠাখালী গ্রামে। সে তাঁর নানা বাড়ি রামপালের বড় কাটালী গ্রামে বসবাস করত। নিহত কামরুলের বিরুদ্ধে খুলনার দাকোপ ও রামপাল থানায় একাধিক দস্যুতার অভিযোগে একাধিক রয়েছে।