বাগেরহাটের ছাত্রদল নেতা খুলনায় অপহৃত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের জেলা ছাত্রদলের নেতা সাব্বির হাসান অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রীর অভিযোগ, পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে সাব্বিরকে অপহরণ করে। এ ঘটনায় পরদিন বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাব্বিরের (২৭) বাড়ি বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী রেশমা আক্তার গতকাল সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। তবে পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করেন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেশমা গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ইজিবাইকে চড়ে খুলনা শহরের নিউমার্কেট এলাকার একটি অভিজাত দোকানে যান। পরে সাত-আটজনের একদল সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। দলটির মধ্যে দুজনের পরনে ছিল পুলিশের পোশাক। এ ছাড়া তাঁদের সবার হাতেই আগ্নেয়াস্ত্র ছিল।
সাব্বিরের স্ত্রী আরও বলেন, পরে ওই ইজিবাইকের চালকের মাধ্যমে তিনি এ ঘটনা জানতে পারেন। অনেক খোঁজাখুঁজি করে স্বামীর সন্ধান না পেয়ে তিনি শুক্রবার সদর থানায় জিডি করেন।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক তানু ভুইঞার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া অনতিবিলম্বে সাব্বিরকে জনসমক্ষে হাজির করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বিরের বিরুদ্ধে মারামারি, অবৈধ অস্ত্র বহন ও পুলিশের ওপর হামলার ঘটনায় সদর থানায় অন্তত চারটি মামলা আছে। কয়েক বছর আগে অবৈধ পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পর তিনি ‘পিস্তল সাব্বির’ নামে পরিচিতি পান। প্রায় চার মাস আগে তিনি সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সহিদকে কুপিয়ে জখম করেন।
তাঁর স্বামীর বিরুদ্ধে করা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রেশমা বলেন, ‘রাজনীতি করার কারণে আমার স্বামীকে বিভিন্ন সময়ে মামলায় জড়ানো হয়। সবগুলো মামলায় তিনি আদালতের নির্দেশে জামিনে আছেন। অপরাধ করে থাকলে তাঁকে আইনের হাতে সোপর্দ করা হোক।’
জিডির সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান জানান, ‘পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করার মামলায় সাব্বিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তাঁর অপহৃত হওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’