বাগেরহাটের দুই থানার ওসি ও এক এসআই প্রত্যাহার
বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মোরেলগঞ্জ থানার এক উপপরিদর্শককে (এসআই) আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ওই দুই ওসি এবং এক এসআইকে প্রত্যাহার করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তারা হলেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ও এসআই মাহাবুব আলম এবং রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম। তাঁদের সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাদের প্রত্যাহার করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ওই তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।