বাগেরহাটের রামপাল থেকে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাটের রামপাল থেকে পারভেজ হাওলাদার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়। পুলিশ পারভেজের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।

পারভেজ হাওলাদার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের প্রয়াত আবদুল আজিজ হাওলাদারের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে পারভেজ হাওলাদার রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে আসেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন পারভেজকে ইউনিয়ন পরিষদের পেছনের চলাচলের রাস্তার পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারভেজের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।