বাগ্বিতণ্ডার জেরে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগ্‌বিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরে নাজমুল হোসেন (১৪) নামের এক কিশোর খুন হয়েছে। গত বুধবার রাতে কাঁচির আঘাতে গুরুতর আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিপ্লব নন্দী (৩৫) নামের এক দরজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নাজমুল নগরের বায়েজিদ বোস্তামী থানার বেলতলা এলাকার অটোরিকশাচালক নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ব্রাইটসান কিন্ডারগার্টেন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল নাজমুল।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর বেলতলা এলাকায় গ্রেপ্তার বিপ্লবের দরজি দোকানের পাশে নিহত নাজমুলের বাসা। এ সুবাদে ওই দোকানে আড্ডা দিত নাজমুল। মাঝেমধ্যে দুজনের মধ্যে মৃদু ঝগড়াও হতো। বুধবার রাত ১১টার দিকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুল দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় বিপ্লব একটি কাঁচি তার দিকে ছুড়ে মারেন। কাঁচিটি নাজমুলের পিঠে গিয়ে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে সে মারা যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দরজি বিপ্লবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নাজমুল হত্যার ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বিপ্লবের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন।