বাঘ হরিণ সাপের চামড়া ও হাড়গোড় জব্দ
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে বাঘ, হরিণ ও বিভিন্ন প্রজাতির সাপের চামড়া, হাড়গোড় জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিক্রিনিষিদ্ধ বন্য প্রাণীর চামড়া বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্য প্রাণীর চামড়া ও হাড়গোড় উদ্ধারের বিষয়ে গতকাল রোববার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ঢাকা মহানগর উত্তর) আহমেদুল কবীর বলেন, গত বৃহস্পতিবার দুপুরে সিআইডির একটি দল পরীবাগ সুপার মার্কেটের মাকসুদ হ্যান্ডিক্রাফটসের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছোট বাঘ, হরিণ, সাপের চামড়া জব্দ করা হয়। এসবের চামড়া দিয়ে তৈরি বেল্ট, হাতব্যাগ ও ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয়। এ সময় দোকানের কর্মচারী স্বপন মিয়া ও সজলকে আটক করা হলেও মালিক পালিয়ে যান। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। আজ সোমবার তাঁদের আদালতে হাজির করা হবে।
সিআইডির কর্মকর্তা আহমেদুল কবীর বলেন, রিমান্ডে স্বপন মিয়া ও সজলের তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় সিআইডির একই দল গুলশান ২ নম্বরে ডিসিসি মার্কেটের লেদার বুটিক নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাঘ, সাপ, হরিণের চামড়া ও হাড়গোড় জব্দ করে। এগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্রও উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে দোকান মালিক ও কর্মচারী পালিয়ে যান। এ ঘটনায় ওই দোকানের মালিকের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
এসব বন্য প্রাণীর চামড়া কোথা থেকে আসে এবং এর সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে সিআইডির কর্মকর্তা আহমেদুল কবীর বলেন, সুন্দরবন ও যেসব স্থানে বন্য প্রাণী থাকে সেখানকার শিকারিরা এসব প্রাণী হত্যা করে। সেখানে চামড়া ও হাড়গোড় ছাড়িয়ে শুকিয়ে ফেলে। পরে তারা এসব চামড়া ও হাড়গোড় ঢাকায় বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে।