বাঘাইছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়ি পৌর মেয়র মো. আলমগীর কবিরের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল রোববার ১২ জন কাউন্সিলর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
কাউন্সিলরদের অভিযোগ, মেয়রের দুর্নীতি ও অনিয়মের কারণে পৌরসভার ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর ১৪ মাস থেকে ২০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। অথচ ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১২ সাল পর্যন্ত কোনো বেতন-ভাতা বকেয়া ছিল না। পৌরসভার আয়ের টাকা মেয়র ব্যক্তিগত ও বিভিন্ন দাপ্তরিক কাজে খরচ দেখান। অন্যদিকে, ২০১২ সাল থেকে বিদ্যুৎ বিল দেওয়া হয়নি, বকেয়া রয়েছে সাড়ে ১১ লাখ টাকা।
ঠিকাদার ও কাউন্সিলরা জানান, ২০০৪ সালে পৌরসভার ঠিকাদার ছিলেন ১৫৬ জন। ২০১২ সাল পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ১৯৫ জনে। বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর তাঁর অনিয়মের কারণে পর্যায়ক্রমে ঠিকাদার কমতে থাকে। বর্তমানে মাত্র ১৫ জন ঠিকাদার রয়েছেন। মেয়র নিজে কাজ নেওয়ার জন্য অনিয়মের আশ্রয় নেন। এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়। এসব কারণে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় পৌরসভা। গত অর্থবছরে এডিবির বরাদ্দ পাওয়া ৪৫ লাখ টাকার হদিস পাওয়া যাচ্ছে না। ২০১৪-১৫ অর্থবছরের কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। কিন্তু ওই কাজের বিল উত্তোলন করা হচ্ছে। কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ না করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে গত ২৮ জুলাই ১২ জন কাউন্সিলর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক বরাবর মেয়রের বিরুদ্ধে অভিযোগ দেন।
প্যানেল মেয়র মো. আবদুল শুক্কুর মিয়া বলেন, ‘কাউন্সিলরদের ১২ থেকে ১৮ মাস ভাতা বকেয়া রয়েছে। আমাদের না জানিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। মেয়রের লোকজন সেসব প্রকল্প বাস্তবায়ন করে থাকে। মেয়রের মেয়াদ শেষ হওয়ার আর মাত্র তিন মাস বাকি। শেষ সময়ে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাইছেন না।’
এসব অভিযোগ অস্বীকার করে মেয়র মো. আলমগীর কবির বলেন, ‘আমি যা কিছু করছি, রেজল্যুশন করে করছি। কোনো অনিয়ম-দুর্নীতি হচ্ছে না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কিছু বেতন-ভাতা বকেয়া রয়েছে। ভবিষ্যতে তা দেওয়া হবে।’
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব।