বাঘাইছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে নালকাটাছড়া এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, নালকাটাছড়া এলাকায় কিছু সন্ত্রাসী অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে গত সোমবার রাত ১১টা দিকে বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বস্তা থেকে একটি এয়ারগান, দেশে তৈরি একটি এসএমজি ও দুটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া এয়ারগানের পাঁচ শতাধিক গুলি, এসএলআরের পাঁচটি গুলি ও পিস্তলের তিনটি গুলি পাওয়া যায়।
লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই স্থানে এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।’