বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।
উত্তর বঙ্গলতলী-জারুলছড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। সেনাবাহিনী ধারণা করছে, পাঁচ শতাধিক গুলিবিনিময় হয়েছে।
থানা-পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বঙ্গলতলী-জারুলছড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় ইউপিডিএফের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল অবস্থান করছিল। খবর পেয়ে গতকাল ভোরে জনসংহতি সমিতির (সন্তু) ১০-১২ জনের একটি দল সেখানে যায়। দুই পক্ষের মধ্যে সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়। জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা নাঙ্গো চাকমা (২৪) নামের এক যুবককে ধরে নিয়ে যান।
খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি করে। সেখান থেকে চেপেদা চাকমাকে (৩২) আটক করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
বঙ্গলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুখশান্তি চাকমা বলেন, প্রথমে দুজন নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বঙ্গলতলী ও জারুলছড়ি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বেশ কিছু পরিবার ভয়ে পালিয়ে গেছে। নাঙ্গো চাকমাকে এখনো জনসংহতি সমিতির সদস্যরা ফেরত দেননি। তবে তাঁকে উদ্ধারে সামাজিকভাবে চেষ্টা চলছে।
জনসংহতি সমিতির (সন্তু) বাঘাইছড়ি শাখার সহসাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে গুলিবিনিময়ের ঘটনা জানতে পেরেছি। কোন দলের সঙ্গে কোন দলের সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে তাঁদের কোনো সশস্ত্র সদস্য নেই।’
ইউপিডিএফের বাঘাইছড়ি সমন্বয়ক দেবদন্ত ত্রিপুরা বলেন, ইউপিডিএফ গণতন্ত্রে বিশ্বাস করে। এ ঘটনায় জন্য তাঁদের কোনো কর্মী জড়িত নন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বঙ্গলতলী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাঘাইহাট সেনা অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মো. আলী হায়দার সিদ্দিকী বলেন, জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে একজন মেজরের নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে অনেক গুলির খোসা পাওয়া গেছে।