বাঘাইছড়িতে নিহত আরও দুজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যা গ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নির্জন চাকমা (২৮) ও অনিল তঞ্চঙ্গ্যা (৩০)। এই দুজনের মৃতদেহ জনসংহতি সমিতির সদস্যরা তুলে নিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় তুফান চাকমা নামের ইউপিডিএফের এক সদস্যও নিহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্যমতে, উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই দুলুবন্যা গ্রামে ইউপিডিএফের আধিপত্য ছিল। কিন্তু দুই মাস ধরে জনসংহতি সমিতির সদস্যরা এখানে অবস্থান নেন। গত বৃহস্পতিবার সকালে ইউপিডিএফের সদস্যরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এই তিনজন নিহত হন। একই দিনে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া ভাবনা কুঠির এলাকায় এ দুই পক্ষের বন্দুকযুদ্ধে নয়ন চাকমা নামে জেএসএসের এক সদস্য আহত হন।
দুলুবন্যা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গুদামের জানালা দিয়ে তাঁরা ইউপিডিএফের সদস্যদের প্রথম লাশটি নিয়ে যেতে দেখেন। অপর দুজনের লাশ নিয়ে যান জেএসএসের সদস্যরা।
কিন্তু ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার ইউনিট-প্রধান সমশান্তি চাকমা বলেন, ‘বন্দুকযুদ্ধের ঘটনায় ইউপিডিএফের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের কোনো সশস্ত্র বাহিনী নেই। সুতরাং আমাদের সদস্য নিহত হওয়ার প্রশ্নই আসে না।’
আর জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমাও জনসংহতি সমিতির কোনো সশস্ত্র সদস্য নেই বলে দাবি করেন। সে ক্ষেত্রে তাঁদের সদস্য নিহত হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি জানান। এদিকে সংঘর্ষের পর এলাকার অবস্থা স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহতদের পরিচয় পাওয়া গেছে। কিন্তু এলাকাটি দুর্গম ও গহিন অরণ্যে হওয়ায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।’
লাশ উদ্ধার হয় না: স্থানীয় লোকজন জানান, গত দুই বছরে দুলুবন্যা গ্রামের আশপাশে ভালুকরামা, ভুয়োছড়া,কচুছড়ি ও বাঘাইছড়ি রাবার বাগান এলাকায় এই দু পক্ষের মধ্যে মোট ১৮টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে ২০ জন নিহত হন। পুলিশ মাত্র একজনের লাশ উদ্ধার করতে পারলেও বাকি ১৯ জনের মৃতদেহের খোঁজ পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আঞ্চলিক দলগুলোর সংঘর্ষে লাশ পাওয়া কঠিন। কারণ লাশের সঙ্গে বন্দুক ও গোলাবারুদ থাকায় উভয় পক্ষই লাশ নিয়ে টানাটানি করে তা সরিয়ে ফেলে।’ ঘটনার পর শুধু হতাহতদের নাম পাওয়া যায় বলে তিনি জানান।