বাঘাইছড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সংঘর্ষে নারী, শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাকমাদের বর্ষবিদায় ও বরণ উৎসব ‘বিঝু’ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল খেলা ছিল আদিবাসী-অধ্যুষিত দক্ষিণ পাবলাখালী গ্রামের সঙ্গে পাশের লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর গ্রামের। খেলায় দক্ষিণ পাবলাখালী গ্রাম হোসেনপুর গ্রামকে ২-০ গোলে পরাজিত করে। এই অবস্থায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর রেশ ধরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তা বাঙালি আদিবাসী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন।
সংঘর্ষের ব্যাপারে বাঙালি ও আদিবাসীরা পরস্পরকে দোষারোপ করেছে। দক্ষিণ পাবলাখালী গ্রামের বাসিন্দা রূপেন্তু চাকমা অভিযোগ করেন, ‘বাঙালিরা খেলার ফলাফল ভন্ডুল করে দিতে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
অন্যদিকে কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক সরকার বলেন, সামান্য কথা-কাটাকাটি থেকে পাহাড়িরা বাঙালিদের ওপর আক্রমণ করেছে।
খেদারমারা ইউনিয়নের চিকিৎসা সহকারী এস কে রুবেল জানান, আহত ব্যক্তিদের মধ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন ধনমণি চাকমা। খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা জানান, মারাত্মক আহত হরিচোগা চাকমা ও বনশোভা চাকমাকে পুলিশের পিকআপ ভ্যানে করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গত রাত আটটায় কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বারেক দেওয়ান মুঠোফোনে জানান, সংঘর্ষে ১১ জন বাঙালি আহত হয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘সংঘর্ষে কতজন আহত হয়েছেন, তা বিস্তারিত জানি না। তবে মারাত্মক আহত দুজনকে পুলিশ ভ্যানে করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’ ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।