বাঘাইছড়িতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে দীঘিনালা-মারিশ্যা সড়কের দুই টিলা সেগুনবাগান এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন (৩৬)। তিনি খাগড়াছড়ি সদরে কম্পিউটার ও যন্ত্রাংশের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, সকাল সাতটায় স্থানীয় লোকজন দীঘিনালা-মারিশ্যা সড়কে সেগুনবাগান এলাকায় একজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ ও বিভিন্ন এলাকা থেকে লোকজন গেলে লাশ শনাক্ত করা হয়।
নিহত তোফাজ্জলের ছোট ভাই মো. বেলায়েত হোসেন বলেন, ‘গত বুধবার আমার বড় ভাই ব্যবসায়িক কাজে বাঘাইছড়িতে যান। অবরোধ থাকায় কাজ শেষে ভোরে মোটরসাইকেল করে খাগড়াছড়ি উদ্দেশে আসছিলেন। আমার ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না।’
দুই টিলা সেগুনবাগান এলাকার বাত্যে চাকমা বলেন, সাড়ে ছয়টার দিকে বিকট একটি শব্দ হয়। কিছুক্ষণ পর দ্রুতগতিতে একজনকে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে দেখা যায়। সাতটার দিকে এলাকার লোকজন রাস্তায় লাশ দেখতে পান।
বাঘাইছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।