বাঘাইছড়িতে ভিক্ষুকে কুপিয়ে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি বি-ব্লক শ্রাবস্তী বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে গত রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা মানসিক প্রতিবন্ধী রাজীব চাকমাকে পিটিয়ে হত্যা করেছে। তবে তাঁর লাশ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত রোববার রাত ১২টার দিকে জ্ঞানজ্যোতি মহাথের (৬৫) বিহারে ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষে থাকা মানসিক প্রতিবন্ধী রাজীব চাকমা (২৬) দরজা ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে জ্ঞানজ্যোতিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে এলাকার লোকজন এসে রাজীবকে আটক করে। পরে উত্তেজিত জনতার পিটুনিতে রাজীব মারা যান। বঙ্গলতলি গ্রামের বাসিন্দা শংকর চাকমা প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে রাজীব মারা যাওয়ার পর মামলার ভয়ে কোনো এক ফাঁকে কেউ তাঁর লাশ সরিয়ে ফেলে। তিনি জানান, রাজীব এর আগেও একাধিকবার দা-ছুরি ও লোহার রড দিয়ে অন্যের ওপর হামলা চালিয়েছেন।
এলাকার লোকজন জানান, জ্ঞানজ্যোতি ভিক্ষু ১২ বছর ধরে বনজ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা করতেন। তিনি রাজীবকে বিহারে রেখে চিকিৎসা করছিলেন।
নিহত জ্ঞানজ্যোতি ভিক্ষুর ছোট ভাই সুসময় চাকমা বলেন, ‘যে হত্যাকারী, সে-ও মারা গেছে বলে শুনছি। এখন কার বিরুদ্ধে মামলা করব?’
বাঘাইছড়ি থানার ওসি মো. আজিজুল হক বলেন, ‘শুনেছি হত্যাকারী গণপিটুনিতে মারা গেছে। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।’