বাঘাইছড়িতে লঞ্চে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমানায় গতকাল শনিবার সকালে একদল জেলের হামলায় তিন নারীসহ পাঁচ লঞ্চযাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মধ্য পাবলাখালীর তন্না চাকমা (৩২), বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের তুলবান এলাকার ঋষিকা চাকমা (৩৫), বরকল সদর ইউনিয়নের কুসুমছড়ি গ্রামের বিনতা চাকমা (৪০) ও শিবলী কুমার চাকমা (৩৬) এবং রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের জ্যোতির্ময় চাকমা (৩১)।
হামলায় আহত জ্যোতির্ময় চাকমা, বিনতা চাকমা ও ঋষিকা চাকমা প্রথম আলোকে জানান, সকাল সাতটায় বাঘাইছড়ি উপজেলা সদর থেকে এমএল রাবেয়া নামের একটি লঞ্চ রাঙামাটি শহরের উদ্দেশে যাত্রা করে। সাড়ে নয়টার দিকে লঞ্চটি বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের মাল্লে্যর দীগরমুখ এলাকায় পৌঁছে। এ সময় ১২ থেকে ১৫টি নৌকা নিয়ে কাচালং নদীতে লঞ্চটির গতি রোধ করা হয়। কিছুটা থামতেই ৪০-৫০ ব্যক্তি লঞ্চে উঠে লাঠিসোঁটা দিয়ে যাত্রীদের মারধর শুরু করেন।
কয়েকজন যাত্রী বলেন, হামলার সময় পুলিশের একটি টহল দল লঞ্চের কাছাকাছি এসে পৌঁছালে হামলায় জড়িত ব্যক্তিরা তাঁদের নৌকায় করে পালিয়ে যান। পরে পুলিশ লঞ্চটি পাহারা দিয়ে সেনাবাহিনীর লংগদু জোনে নিয়ে যায়। সেখানে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়। এরপর লঞ্চটি আবার রাঙামাটি শহরের উদ্দেশে যাত্রা করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, লংগদু উপজেলার জেলেদের কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে মাছ শিকারে বাধা দেওয়া হচ্ছিল। সেই ক্ষোভ থেকেই শনিবারের হামলার ঘটনাটি ঘটেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির বলেন, ‘একদল জেলে যাত্রীবাহী লঞ্চে হামলা করেছে।’ তিনি জানান, আজ (রোববার) আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমানা এলাকার লোকজনের সঙ্গে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং দুই উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করে বিরোধের নিষ্পত্তি করবেন।
পুলিশ জানায়, সেনাবাহিনীর লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুর রহমান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা এবং লংগদু উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাঙামাটি জেলার প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।