বাঘাইছড়ির মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বাঘাইছড়ি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষকদের নানাভাবে হয়রানি করে আসছেন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়।
তুলাবান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন চাকমা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের সঙ্গে প্রায় সময় দুর্ব্যবহার করেন। সম্প্রতি শিক্ষকদের হয়রানি করার জন্য একটি ভুয়া চিঠি দেখিয়ে বেতন বিলের সঙ্গে হাজিরা খাতার অনুলিপি সংযুক্ত করার চাপ দেন। তা দিতে ব্যর্থ হলে বেতন বন্ধের হুমকি দেন। অথচ বেতন বিলের সঙ্গে হাজিরা খাতার অনুলিপি সংযুক্ত করার কোনো নির্দেশনা নেই।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বেতন বিলের সঙ্গে হাজিরা খাতার অনুলিপি সংযুক্ত করতে বলা হয়েছে। কিন্তু শিক্ষকেরা তা মানতে রাজি হননি। উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বিষয়ে আমাকে এখনো কেউ জানায়নি।’ তিনি জানান, এর আগেও একবার শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্ত করে উপজেলা পরিষদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আমি বিষয়টি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করব।’