বাঘাইছড়িতে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে আবারও পণ্যবোঝাই ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে মারিশ্যা-দীঘিনালা সড়কের ১০ নম্বর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ কাজ করেছে।
ব্যবসায়ীরা জানান, এর আগে গত ৩০ আগস্ট একই এলাকায় আরেকটি পণ্যবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
ট্রাকচালক মো. রবিউল প্রথম আলোকে বলেন, সেগুনবাগান এলাকায় পৌঁছার পর তিনজন অস্ত্রধারী ট্রাকটি থামাতে বলে। এ সময় অস্ত্রধারীরা তাঁকে ও তাঁর সহকারী নূরে আলমকে ট্রাক থেকে টেনে নামায়। পরে অকটেন দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে ওই তিনজন ছাড়া পাশের জঙ্গলে আরও আট থেকে নয়জন সন্ত্রাসী ছিল।
গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকী ও ২৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আলমগীর সিকদার। পরে বেলা তিনটায় বাঘাইহাট সেনা ক্যাম্পে লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকী বাঘাইছড়ির ব্যবসায়ীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করেন। এতে বক্তব্য দেন উপজেলা সদরের চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ব্যবসায়ী মো. নাসির, মিলন ধর প্রমুখ।
ট্রাকের মালিক দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা মো. শহীদ মিয়া বলেন, সহায়সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে ১৮ লাখ টাকা দিয়ে তিনি ট্রাকটি কেনেন। এখন তাঁর সব শেষ হয়ে গেছে।
নাম না প্রকাশের শর্তে বাঘাইছড়ির কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, সন্ত্রাসীরা কিছুদিন আগে চৌমুহনী মার্কেটের ব্যবসায়ীদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় ট্রাকে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তাঁরা।
ট্রাকটিতে প্রাণের পণ্য ছিল। এসব পণ্য চৌমুহনী মার্কেটের বাসনা এন্টারপ্রাইজে পৌঁছে দেওয়ার কথা ছিল। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক প্রবীণ দেব বলেন, ট্রাকে প্রায় সাড়ে চার লাখ টাকার প্রাণের পণ্য ছিল। এর মধ্যে বেশির ভাগ পুড়ে গেছে।
চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে সেনাবাহিনী পাহারায় বিভিন্ন পণ্য আনা হবে বলে তিনি জানান।
বাঘাইছড়ির সাজেক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মালবোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ট্রাকের মালিক মো. শহীদ বাদী হয়ে মামলা করেছেন।