বাঘাইছড়িতে সেনা কর্মকর্তাকে নামিয়ে গাড়িতে আগুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে নয় নম্বর পাড়া এলাকায় এক সেনা কর্মকর্তাকে বহনকারী গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসান বলেন, যে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই গাড়িতে সপরিবারে একজন সেনা কর্মকর্তা ছিলেন। কেন আগুন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে। দুর্গম এলাকা হওয়ায় তদন্তে একটু সমস্যা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ঢাকা থেকে একজন সেনা কর্মকর্তা সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে সপরিবারে বেড়াতে যান। সেখানে রাত যাপন শেষে গতকাল সকালে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে সাজেক-বাঘাইহাট সড়কের নয় নম্বর পাড়া এলাকায় পৌঁছালে চারজন অস্ত্রধারী তাঁদের বহনকারী মাইক্রোবাসটির গতি রোধ করে। অস্ত্রের মুখে সেনা কর্মকর্তার পরিবারের পাঁচ সদস্য ও গাড়িচালকসহ গাড়িতে থাকা তিনটি ব্যাগসহ যাবতীয় মালামাল নামানো হয়। পরে মাইক্রোবাসটিতে আগুন দেওয়ার পর তিনটি ব্যাগ ও সেনা কর্মকর্তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাঁচ থেকে সাতটি ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা চলে যায়। খবর পেয়ে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আলী হায়দার সিদ্দিকী ওই সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে খাগড়াছড়ি পৌঁছে দেন।
সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থলের আশপাশে ঝোপঝাড় ও জঙ্গল। দক্ষিণ দিকে একটি কাঁচা রাস্তা। পুড়ে যাওয়া মাইক্রোবাসটির পাশে কয়েকটি বসতঘর। তবে বসতঘরগুলোতে কোনো লোকজন নেই।
নয় নম্বর পাড়া-প্রধান ছিরণ ত্রিপুরা বলেন, ‘আমি বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলাম। প্রথমে মনে করছিলাম গাছ ভেঙে পড়ছে। পরে দেখি গুলির শব্দ। কিছুক্ষণ পর ধোঁয়া দেখা যাচ্ছে। তখন পাড়ার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে অনেকে পালিয়ে গেছে। ঘটনার পর অনেক পর্যটকের গাড়ি ও মোটরসাইকেল ফিরে গেছে।’
সাজেক থানার এসআই সনদ বড়ুয়া বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি।
বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আলী হায়দার সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। যা বলার আইএসপিআর বলবে।’