বাঘাইছড়ির একাংশে বিদ্যুৎ নেই পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ায় পাঁচ দিন ধরে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার একাংশে বিদ্যুৎ নেই। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, ১৩ আগস্ট রাতে কাচালং বাজার এলাকার ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে যায়। এতে ১১ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর, বাঘাইছড়ি থানা ও কাচালং বাজারসহ ছয় গ্রামের তিন শতাধিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মোস্তফা কলোনি গ্রামের গৃহবধূ সালমা বেগম বলেন, বিদ্যুৎ সরবরাহ না থাকায় পানি পাওয়া যাচ্ছে না। এতে আধা কিলোমিটার দূর থেকে পানি এনে গৃহস্থালি কাজ করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। থানায় স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। মুঠোফোনেও চার্জ নেই। মাঝেমধ্যে জেনারেটর দিয়ে মুঠোফোন চার্জ দেওয়া হয়।

বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়রমো. আবদুল শুক্কুর মিয়া বলেন, ট্রান্সফরমার স্থাপনের জন্য এলাকা থেকে চাঁদা তুলে আবাসিক প্রকৌশলীকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ট্রান্সফরমার বসানো হয়নি।

বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার আনতে হয়। ট্রান্সফরমার আনতে গাড়ি ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা লেগে যায়। এ জন্য স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তিনি জানান, দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমার চলে আসবে।