বাঘায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৬
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে গত শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন বুলেটবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের ছয়জন আহত হন।
শুক্রবার রাত সাড়ে নয়টা পর থেকে রাত ১২টা পর্যন্ত দুই দফায় উপজেলা চত্বরের সামনে বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ও যুবলীগ নেতা তসিকুল ইসলামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশের রাবার বুলেটে আহত দুজন হলেন শামীম ও রতন। ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন সাইফুল, শাহিন, নান্নু ও ফরহাদ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবারের সংঘর্ষের জের ধরে গতকাল শনিবার নাহিদ নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করেছে কুদ্দুসের লোকজন। নাহিদ ছাত্রলীগের কর্মী ও তসিকুলের সমর্থক।
আবদুল কুদ্দুস বলেন, তাঁর সমর্থক আমির হোসেন অটোরিকশা নিয়ে ঈশ্বরদী থেকে বাঘা ফিরছিলেন। উপজেলা চত্বরের সামনে তসিকুল ও তাঁর লোকজন আমিরের অটোরিকশা থামিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে মারপিট করা হয়। এ সময় লাল চাঁন নামের আরেকজন তাঁকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনাল এলাকা থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে।
তসিকুল ইসলাম বলেন, ‘আমির হোসেন, লালচাঁন উপজেলা চত্বরের শিশুগাছের বাগানের মধ্যে লুকিয়ে থেকে ছিনতাই করছিল। তসিকুল ও তাঁর লোকজন সেখানে গেলে আমির ও লালচাঁন পালিয়ে যায়। এ ঘটনার পরই আমাদের ওপর হামলা করা হয়।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।