বাঘায় জামায়াত শিবিরের ৬২ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল রোববার রাতে পুলিশ জামায়াত-শিবিরের ৬২ নেতা–কর্মীকে আটক করেছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর থেকেই বাঘা পৌর এলাকার চক ছাতারী জামে মসজিদের ভেতরে বৈঠক চলছিল। বৈঠকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেলযোগে জামায়াত-শিবিরের তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরাও এসেছিলেন।
স্থানীয় লোকজন আরও জানান, পুলিশ যাওয়ার আগে মসজিদের ভেতরে বাঘা উপজেলা জামায়াতের আমির ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাত আলী বক্তব্য দিচ্ছিলেন। রাত নয়টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মসজিদ ঘিরে ফেলে। সেখান থেকে বাঘা পৌর জামায়াতের আমির ও কলেজশিক্ষক সাইফুল ইসলামসহ ৬২ নেতা–কর্মীকে আটক করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে জিন্নাত আলী মসজিদ থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জিন্নাত আলী বলেন, ওই এলাকায় তাঁদের সংগঠনের একজন কর্মীর স্ত্রী মারা গেছেন। তিনি তাঁর জন্য দোয়া অনুষ্ঠানে গিয়েছিলেন, দোয়া করে চলে এসেছেন। পরে পুলিশ গিয়ে তাঁর দলের নেতা–কর্মীদের আটক করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তাঁদের কাছে খবর ছিল ওই বৈঠকে বাঘা উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলীও ছিলেন। তবে পুলিশ গিয়ে তাঁকে আর পায়নি। পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান।