বাঘায় শ্রমিকদের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাস ও ২০-২৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
উপজেলার বাস টার্মিনাল এলাকায় গতকাল সোমবার সকালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় বিকেল পর্যন্ত বাঘা-রাজশাহী রুটে বাস ও তিন-চাকার যান চলাচল বন্ধ থাকে।
বাঘা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিলন আলী বলেন, বাসশ্রমিকেরা দীর্ঘদিন ধরে বাঘা-চারঘাট ও রাজশাহী রুটে অটোরিকশা চালাতে বাধা দিয়ে আসছেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন পাঁচ দিনের মধ্যে একটি সমাধান করে দেবে বলে আশ্বাস দেয়। বাসশ্রমিকদের দাবিতে এ পথে ওই পাঁচ দিন অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়।
মিলন আরও বলেন, গত রোববার পাঁচ দিন পার হয়ে গেলেও কোনো সমাধান মেলেনি। তাই তাঁরা সোমবার অটোরিকশা রাস্তায় নামানোর প্রস্তুতি নিতে থাকেন। অটোরিকশার স্ট্যান্ডটি বাসস্ট্যান্ডের ১০০ গজ পশ্চিমে। তাঁদের গাড়ি বের করতে দেখে বিনা উসকানিতে বাসশ্রমিকেরা হঠাৎ হামলা চালান। এ সময় বাসশ্রমিকেরা ২০-২৫টি অটোরিকশা ভাঙচুর করেন। পরে অটোরিকশার শ্রমিকেরাও পাল্টা আক্রমণ করেন।
এ বিষয়ে বাঘা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রাব্বানী বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও অটোরিকশার শ্রমিকেরা এ পথে গাড়ি চালানোর উদ্যোগ নেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় অটোরিকশার শ্রমিকেরা ছয়টি বাস ভাঙচুর করেন। পরে বাসশ্রমিকেরা পাল্টা হামলা চালান।
তবে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটর (বাস) শ্রমিকের লোকজন প্রথমে অটোরিকশা ভাঙচুর করেন। পরে অটোরিকশার শ্রমিকেরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের রাবার বুলেট ও প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে ছয়জন আহত হন।
আহতে ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মোহাম্মদ রবি (২৮), আরিফ হোসেন (২৫) ও আবু সাঈদ (৩০) এবং বাসশ্রমিক রনজু আহাম্মেদ (২৫), নুরুজ্জামান (৩৮) ও রফিকুল ইসলাম (৩০)। এর মধ্যে রবি, রনজু ও নুরুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আরিফকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছোড়ে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীর সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সদর সার্কেল) আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সমঝোতার জন্য বাস ও অটোরিকশার শ্রমিকদের নিয়ে গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসার কথা।