বাঘারপাড়ায় আ. লীগের সম্মেলনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আজ বুধবার সন্ধ্যায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি গুলি ছুড়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলেন বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের শরিফুল ইসলাম (৩০) ও দক্ষিণ সলুয়া সলুয়া গ্রামের মহিন (২০)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘বাঘারপাড়ার ঘটনায় জরুরি বিভাগে ছয়জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি চার জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি পাওয়া গেছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জহুরপুর ইউনিয়নের কমিটি গঠন করতে বিকেলে বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া স্কুল মাঠে যান যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কিন্তু ওয়ার্ডের সম্মেলন শেষ না করে ইউনিয়ন কমিটির সম্মেলন করায় তৃণমূল নেতাকর্মীরা ÿক্ষুব্ধ হয়ে সাংসদসহ নেতৃবৃন্দকে ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষই অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, সম্মেলন চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। সেখানে বোমা ও গুলি ছোড়ে। সম্মেলনে থাকা সাংসদ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরাপ্তার জন্য ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। তবে এতে কেউ আহত হয়েছে কি না, তা তিনি জানেন না। এ ব্যাপারে একটি পুলিশ বাদী মামলা হয়েছে।