বাঘারপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, চিকিৎসক আটক
যশোরের বাঘারপাড়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে গতকাল সোমবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর স্থানীয় এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই চিকিৎসকের নাম আবু সিদ্দিক মোল্লা (৬০)। তাঁর বাড়ি বাঘারপাড়া উপজেলার রাজাপুর গ্রামে। উপজেলার খাজুরা এলাকায় তাঁর একটি ক্লিনিক রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ঘটনার শিকার শিশুটি স্থানীয় একটি স্কুলে নার্সারি শ্রেণিতে পড়ে। গতকাল দুপুরে সে বাবার কাছ থেকে টাকা নিয়ে আতাফল কিনতে খাজুরা বাজারে যায়। তার সঙ্গে ছিল আরও তিন শিশু। স্থানীয় হিমেলা ক্লিনিকের সামনে পৌঁছালে ক্লিনিকের মালিক পল্লিচিকিৎসক সিদ্দিক মোল্লা শিশুটিকে ডেকে নেন। একপর্যায়ে তাকে রোগী দেখার ঘরে নিয়ে ধর্ষণ করেন। সঙ্গে থাকা অপর তিন শিশুর মাধ্যমে খবর পেয়ে শিশুটির মা দ্রুত ওই ক্লিনিকে যান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তিনি বাড়িতে নিয়ে যান।
শিশুটির মা বিকেল সাড়ে চারটার দিকে বাঘারপাড়া থানায় গিয়ে মামলা করেন। পরে পুলিশ পল্লিচিকিৎসক সিদ্দিক মোল্লাকে আটক করে নিয়ে যায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, শিশুর ভাষ্য, তাকে ধর্ষণ করা হয়েছে। তবে সে সুস্থ রয়েছে। মঙ্গলবার (আজ) তার ডাক্তারি পরীক্ষা করানো হবে। পল্লিচিকিৎসক সিদ্দিক মোল্লাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।