বাঘায় তরুণের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কালিদাসখালী গ্রামের একটি ফসলের জমি থেকে আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত তরুণের নাম জাকির হোসেন (২১)। তাঁর বাবার নাম আবদুল খালেক মোল্লা। উপজেলার কালিদাসখালী গ্রামেই তাঁদের বাড়ি।

আবদুল খালেক মোল্লা বলেন, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যান জাকির। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ মেলেনি। আজ সকালে এলাকার সবজিচাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় কালিদাসখালী এলাকার একটি মটরখেতে জাকিরের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে তিনি এসে ছেলের লাশ শনাক্ত করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে নিহত তরুণের পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।